গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর। নদীদূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় বুড়িগঙ্গা নদীর দূষণকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









