সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে স্পিকারের সঙ্গে প্রায় পাঁচ মিনিট বৈঠক শেষে সংসদ ভবন থেকে বেরিয়ে যান তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকরা বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, ‘‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’’
এরপর তিনি পদত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত চলে যান।
গাড়িতে ওঠার সময়ও একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’’
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, ‘‘তদন্ত হোক।’’
তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, জানতে চাইলে বলেন, ‘‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’’
তবে এ বিষয়ে স্পিকারের কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়।
বৃহস্পতিবার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
এ দিকে গতকাল ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তবে সেখানে যাওয়া ব্যক্তিদের কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশিত হয়।
বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্যের একজন ফেরদৌসী আহমেদ মিষ্টি। চলতি বছরের ৩ মে সংরক্ষিত নারী আসনের অন্য সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









