ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আসনটি শূন্য হওয়ার পর তা পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
শূন্য আসন পূরণের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করেছে জাতীয় সংসদ সচিবালয়।
সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী শূন্য আসন পূরণে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসনটি পূরণের জন্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









