ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণ।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও আলোচনা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদনের বিষয়টিও আলোচনায় থাকবে। পাশাপাশি এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









