ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে। তবে গত মাস থেকেই বাজারে বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। অক্টোবরে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতেই তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ—অপারেটরের প্ল্যান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ—১২ কেজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এলপিজির বাজারে অস্থিরতা চলছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









