ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে পুলিশ নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রার্থীদের প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার প্রার্থীর পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়েছে। ফলে পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা প্রকাশিত তালিকা থেকে নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন।
এদিকে, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে এ বিষয়ে জানানো হবে।
ক্যাডেট এএসআই নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা দেখতে বাংলাদেশ পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









