দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ক্যানসার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও প্রসারে স্থাপন করা হবে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এ সম্মেলনের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি প্রযুক্তি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে জাতীয় পর্যায়ে একটি মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ক্যানসার ইনস্টিটিউটগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনা এবং দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরির কার্যক্রমও চলমান রয়েছে।
স্তন ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ড. এম এ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বহু নারী স্তন ক্যানসারে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগী রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসকের কাছে আসেন। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে এবং ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।
তিনি আরও বলেন, ক্যানসার মানেই মৃত্যু নয়। বিশেষ করে স্তন ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হলে মৃত্যুঝুঁকি অনেক কমানো যায়। এতে রোগীরা দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্তে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি নির্দিষ্ট বয়সী নারীদের জন্য পরিকল্পিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তাঁর মতে, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং চালু করা গেলে রোগের ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








