শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, মো. মিজানুর রহমান মীর (৫৭), মো. রিপন সরদার (৫৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪১)।
গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে, রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য। শরীয়তপুর ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীর হোসেন একই উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়।
একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা-ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার চারজনই ওই মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘‘পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গত ৯ নভেম্বর দিবাগত রাতের ঘটনায় গতকাল (১২ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে, গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।বাকিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








