ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়ালে থাকা ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।
ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে।এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।
এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।’’ রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়।এমপি ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশ কালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।
তবে এ সময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








