বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, যারা মনে করছেন বোমা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনবেন, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বোমা হামলার ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে এবং কীভাবে তারা জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষ প্রত্যক্ষ করছে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হন। তাই এই আস্থা ধরে রাখার পাশাপাশি অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি ভুল-ত্রুটি ও নেতিবাচক দিকও সংবাদমাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন। এমনকি সরকার বা তাঁর নিজের সমালোচনা হলেও তাতে আপত্তি নেই বলে জানান আইনমন্ত্রী।
তিনি আরও বলেন, গত প্রায় নয় মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের প্রচলিত সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ যেমন প্রকাশ করতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে।
আইনমন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার সক্রিয় রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন।
তিনি দাবি করেন, তৎকালীন ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নির্যাতনের শিকার হওয়ার সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে বসে জুস পান করছিলেন। এ ঘটনার পক্ষে তাঁর কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুকুরপাড়ে বসে হাসনাত ও সারজিস জুস পান করছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
রাশেদ খাঁনের প্রশ্ন, একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হচ্ছে না কেন? তাঁর দাবি, গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে লেখা হলে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








