তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে প্রদেশটির ইয়েশিলইউর্ত জেলার সামানকয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, কী কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসাসেবা দল এবং দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সদস্যরা। দুর্ঘটনাস্থলে সৃষ্ট ছোট একটি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পরে পুলিশ ও সামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
তবে হেলিকপ্টারটি কী ধরনের দায়িত্ব পালন করছিল কিংবা এতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, এস-৭০ হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান সিকোরস্কি উৎপাদিত ব্ল্যাক হক পরিবারের একটি সামরিক পরিবহন ও বহুমুখী হেলিকপ্টার। তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









