ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচেই বল হাতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার মাহলি বেয়ার্ডম্যান। তার বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (১৩ নভেম্বর) পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচে মাত্র ২৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী বেয়ার্ডম্যান। অভিষেকেই এমন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নায়ক বনে যান এই তরুণ পেসার।
ইংল্যান্ডের ইনিংসে শুরুতেই আঘাত হানেন জেভিয়ার বার্টলেট ও স্পেন্সার জনসন। তাদের বোলিংয়ে সাজঘরে ফেরেন টম ব্যান্টন ও বেন ডাকেট। এরপর বল হাতে নেমেই ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান বেয়ার্ডম্যান।
নিজের দ্বিতীয় ওভারেই হ্যারি ব্রুককে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটের দেখা পান তিনি। পরের ওভারে সাজঘরে পাঠান অভিজ্ঞ ব্যাটার জো রুটকে। এরপর জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন ও জফরা আর্চারকে আউট করে নিজের ছয় উইকেট পূর্ণ করেন এই পেসার।
বেয়ার্ডম্যানের তোপে একপর্যায়ে ১৯ ওভারে ৬৫ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। শেষদিকে উইল জ্যাকস ও গাস অ্যাটকিনসনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে দলটি। নবম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন তাঁরা। পরে শেষ উইকেটে আরও ২৯ রান যোগ করেন ইংল্যান্ডের ব্যাটাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান ট্রাভিস হেড। তবে অধিনায়ক মিচেল মার্শের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
মাত্র ৩০ বলে ঝড়ো অর্ধশতক তুলে নেন মার্শ। শেষ পর্যন্ত ৬৭ রানে দলের দ্বিতীয় উইকেট হিসেবে আউট হন তিনি। এরপর কুপার কনলিও ২৭ রান করে ফিরে যান।
তবে জশ ইংলিস ও ম্যাট রেনশ দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুজনের অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী রোববার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








