হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হলে ওই দিন থেকেই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও পরিচালনার প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় তিনি এ তথ্য জানান।
সভায় মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাই সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।
সভায় টার্মিনাল চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি এসব কাজের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়েও সংশ্লিষ্ট প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তৃতীয় টার্মিনাল এখন চালুর পর্যায়ে এসেছে। পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো দ্রুত শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতিও চলমান থাকবে।
তিনি আরও বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল চালুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









