চলমান শ্রমিক অসন্তোষের জেরে দেশের ১৪৭টি পোশাক কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা থাকে না। তবে বৃহত্তর স্বার্থ বিবেচনায় সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ অংশ নেবে। ওই সভায় মালিক সমিতির পক্ষ থেকে লিখিত প্রস্তাবও দেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।
মাহমুদ হাসান খান আরও জানান, বর্তমানে বন্ধ থাকা কারখানাগুলোতে আনুমানিক ৩ লাখ শ্রমিক কাজ করতেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীকাল ১৫ নভেম্বর থেকে আরও অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশের বৈদেশিক আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে শনিবার বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনটির নেতারা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পরে সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









