বঞ্চিত, নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাওয়া মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হবে এই জননেতাকে।
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ জন্য দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সদস্যসচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। জন্ম সিরাজগঞ্জে হলেও জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর ও যৌবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন।
ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভাসানী আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক, জেলে, মজুর, কামার, কুমার ও তাঁতিসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি এনে দেয়।
রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে সাধারণ মানুষের পাশে থাকা এই নেতার আদর্শ ও সংগ্রাম আজও স্মরণ করেন তার অনুসারী ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









