সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে আইবাস++ (iBAS++) সিস্টেমের ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়মাবলি নির্ধারণ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত হিসাব ভবন থেকে জারি করা ওই আদেশের স্মারক নম্বর ০৭.০৩.০০০০.২০১.৩২.০৯(খণ্ড-৪).২১-৩৮৩৫।
অফিস আদেশে বলা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধ-সংক্রান্ত আইবাস++ সিস্টেমের প্রক্রিয়া উন্নত করার কাজ চলমান রয়েছে। এ কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন ভাতা পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি কমানো এবং বকেয়া পরিশোধ কার্যক্রম সচল রাখতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এ কার্যক্রম চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (UAO) এবং ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (DAFO) কার্যালয়কে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠানো যাবে না। এসব কার্যালয়কে নিজ নিজ সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (DCA) কার্যালয়ের মাধ্যমে আবেদন বা পত্র পাঠাতে হবে।
অন্যদিকে, সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (CAFO) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (DCA) কার্যালয়কে সরাসরি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয় বরাবর পত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনার অনুলিপি দেশের সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট www.pension.gov.bd অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









