শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্পিকার ও ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

স্পিকার ও ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আগামীকাল বুধবার বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সংসদীয় সভা। সেখানে চূড়ান্ত হতে পারে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদের মনোনয়ন।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে সকাল ১১টায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি হবে। সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে (এমপি) যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

গত ১৭ ফেব্রুয়ারি এমপিদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের সভায় বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ চূড়ান্ত করা হয়। একই দিন সংসদ নেতা নির্বাচিত হলেও উপনেতা এখনো নির্বাচিত হননি। বিএনপিদলীয় একাধিক এমপি জানান, বুধবারের সভায় সংসদ উপনেতা নির্বাচন হতে পারেন। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা প্রার্থী হবেন, সেটাও চূড়ান্ত করা হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী। সে ক্ষেত্রে করণীয় নিয়েও সভাটিতে আলোচনা হতে পারে। জামায়াত নাম না দিলে সরকারি দল থেকেই সংসদের গুরুত্বপূর্ণ ওই পদে প্রার্থী দেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা।

এখন বিএনপি যেটা (জামায়াতকে দেওয়া প্রস্তাব) বলছে, সেটা কোনটা? এটা তাদের স্পষ্ট করা লাগবে। তারা তো লিখিত কোনো প্রস্তাব দেয়নি। মৌখিকভাবে বলেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চায়।

সরকার দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে পারে জামায়াত। সে ক্ষেত্রে জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.