ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা হতে দোকান, শোরুম, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ইত্যাদির বর্ধিতাংশ অপসারণ করার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।
সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান—যেমন খাবারের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাকসামগ্রীর দোকান ও আসবাবপত্রের দোকান—নিজ নিজ দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা ব্যবহার করছে। এসব কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করায় সড়কে যানজটও তৈরি হচ্ছে।
এ অবস্থায় মহানগরীর সব এলাকার সংশ্লিষ্ট দোকান, ওয়ার্কশপ ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে রাখা মালপত্র ও সরঞ্জামাদি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কোদাল, অপরাধসংশ্লিষ্ট মালপত্র বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









