অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়।
বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা জানান।
আগামী বাজেট সামনে রেখে দিকনির্দেশনা দিতে প্রথমবারের মতো এনবিআরে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, ‘সরকারের বাজেট হবে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে। দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্যবাধকতাও রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। সব মিলিয়ে বাজেট প্রণয়নে চাপ বাড়ছে সরকারের ওপর।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অর্থনীতিটাকে যদি আমরা টেনে তুলতে না পারি, দিনের শেষে ট্যাক্স–জিডিপি বাড়ানো তো এখানে খুব কঠিন। আমরা ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। এটা করতে গেলে তো বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি-বিদেশি, সেটা করতে হবে।’
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে এটা একটা বড় সমস্যা। আমাদের বড় একটা অংশ এখানে খরচ হচ্ছে, জ্বালানি কিনতে হচ্ছে। সুতরাং এটা থ্রি-ওয়ে চ্যালেঞ্জ।’
অর্থমন্ত্রী বলেন, ‘এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে, সবচেয়ে বড় কথা কর্মসংস্থানের বিষয় আছে। সবকিছু মিলিয়ে আমরা এমন একটা বাজেট করতে চাই, যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









