বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, দেশ দুটির মধ্যে সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে। দুই দেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে আমরা কাজ করছি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুই দেশের মধ্যে এনার্জি, যোগাযোগ, সংস্কৃতিসহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধারণ করে জনগণ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব এলাকায় কাজ করলে দুই দেশের জনগণই লাভবান হবে, সেখানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করা হবে।
এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









