১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইতোমধ্যে নির্বাচনি ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জিত হয়েছে।’
তিনি বলেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারীপ্রধানকে 'ফ্যামিলি কার্ড' এর মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, প্যাগোডা ও চার্চে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে পাইলট স্কীমের মাধ্যমে ইতোমধ্যে ৯ হাজার ১০২ জন উপকারভোগীর ব্যাংক একাউন্টের মাধ্যমে সম্মানি ভাতা প্রেরণ করা হয়েছে। যার আওতা সম্প্রসারণের কাজ চলছে।’
১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যাগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উক্ত প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে ৫টি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার কার্যক্রম শুরু করা হবে।’
খাল খনন কর্মসূচির বিষয়ে বলেন, ‘সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় খাল খনন কিংবা পুনঃখনন কর্মসূচি গত ১৬ মার্চ শুরু হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় এক হাজার ২০৪ কিলোমিটার খাল খনন কিংবা পুনঃখনন করবে।’
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চলতি বছরের জুন পর্যন্ত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ) এর মাধ্যমে এক হাজার ৫০০ কি.মি. খাল পুনঃখনন করবে।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা হলো আগামী পাঁচ বছরে সর্বমোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখনন করা।
‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের দুই হাজার ৩৩৬টি কারিগরি ও আট হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে 'ফ্রি ওয়াই ফাই' চালু করা হবে।’
সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিং এর মাধ্যমে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।’
এর আগে সকাল ১১ টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









