যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে তার মরদেহ পাওয়া যায়নি।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান প্রান্ত এ তথ্য জানান।
প্রান্ত বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।’
এর আগে, স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।
বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওই দিন সকাল ৯টার দিকে জামিলকে বিশ্ববিদ্যালয়ের কাছের তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে ক্যাম্পাসে শেষবার দেখা যায়।
এদিকে, দুই শিক্ষার্থীর এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সেখানে অধ্যায়নত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে। এছাড়া, বৃষ্টির গ্রামের বাড়ি ফরিদপুরে ও জামিলের গ্রামের বাড়ি জামালপুরেও চলছে মাতম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









