সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘‘আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি, বলবো আমি এই মুহূর্তে।’’
সোমবার (১১ মে) বিকেলে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘‘দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনায় অনেক কমে যাবে। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবনা আছে তার এক নম্বর প্রস্তাবনা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। আর অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।’’
পবিত্র ঈদুল আজহার যাত্রা নিয়ে তিনি বলেন, ‘‘এ বছর ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে।’’
মন্ত্রী বলেন, ‘‘গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসকল ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









