২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭। এ দিকে ২০২৭ এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন ২০২৭ থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “এসএসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন চূড়ান্ত করা হয়েছে।”
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সময় এমনভাবে ঠিক করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে এবং সিলেবাসও পুরোপুরি কাভার করা যায়। ভর্তি কার্যক্রমে আগে কিছুটা বিলম্ব হলেও এখন সময় গুছিয়ে আনা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বোর্ড ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসি ও এইচএসির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









