দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষক ও কৃষি উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে কৃষি খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রাইম ব্যাংকের অর্থায়ন সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজীম এ. চৌধুরী, এগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা ও জয়েন্ট ডিরেক্টর মো. সাখওয়াত হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









