ঝিনাইদহে ছাত্রদলের সাবেক এক নেতার করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এর আগে, গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মিলনায়তনের সামনে পৌঁছানো মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই আদালত তারেক রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









