বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এদিন সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। এসময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও দেখা যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ধারাবাহিকভাবে ঢাকার আরও বেশ কিছু স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









