সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জনগণের সহানুভূতি পেতে অভিযোগ তুলেছেন নাসীরুদ্দীন: মির্জা আব্বাস

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

জনগণের সহানুভূতি পেতে অভিযোগ তুলেছেন নাসীরুদ্দীন: মির্জা আব্বাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগে গিয়ে আক্রান্ত হওয়ার পর যে অভিযোগ তুলেছেন সেই প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, ‘জনগণের সহানুভূতি এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের নির্বাচনি এলাকা হাবিবুল্লাহ বাহার কলেজে গেলে ১১–দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মির্জা আব্বাসের কর্মী-সমর্থকরা তার ওপর হামলা চালিয়েছেন।

মির্জা আব্বাস জনসংযোগে নামলে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা মিথ্যা কথা বলছে। এটি কেবল সিম্প্যাথি পাওয়ার জন্য বলা হচ্ছে। আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি, আজ পর্যন্ত বিএনপির সমর্থকেরা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা করেছে, এমন কোনো রেকর্ড নেই। জনগণের সহানুভূতি পাওয়া এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সংঘাত বাধাতে নানা উসকানি দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন ভণ্ডুল করতে নানা চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি তার কর্মীদের শান্ত থেকে নির্বাচনি পরিবেশ স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটি ফসল, যা আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করেছি। সুতরাং নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নেই।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তোলে মির্জা আব্বাস বলেন, ‘এনসিপি নেতার বিশাল আকৃতির রঙিন পোস্টার নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত।’

সাবেক এই মন্ত্রী–সংসদ সদস্য তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, ‘১৯৭৭ সালে তিনি এই এলাকায় ওয়ার্ড কমিশনার ছিলেন এবং পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ তাকে চেনেন এবং তিনি ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন।’

মির্জা আব্বাস বলেন, ‘পোস্টার ও ব্যানারে নয়, জনগণের মন জয় করেই নির্বাচনে জয়ী হতে চাই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির মুখ্য সমন্বয়ক দুজনই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের প্রার্থী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.