আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডা. প্রাণ গোপাল দত্ত কলেজটিতে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে কর্মরত আছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরও বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে চিকিৎসাবিষয়ক পাঠদান করছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিভাগের একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









