যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ (প্রেসার) স্বাভাবিক হবে। বর্তমানে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেগুলোও পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনালটি বন্ধ হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, সেটিই পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে যেমন গ্রাহকরা সমস্যায় পড়েন, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও উৎপাদন চালাতে পারে না। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোও আবার চালু করা হবে।
বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক যে সমস্যা তৈরি হয়েছে, তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে হয়েছে।
ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভিযোগকারীদের বিল যাচাইয়ের জন্য জমা দিতে বলা হলেও অনেকেই তা করেন না। তিনি উল্লেখ করেন, জুন থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে এবং মার্চের তুলনায় জুন মাসে গরমও কম ছিল। একটি নির্দিষ্ট অভিযোগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিবেচনায় বিল অস্বাভাবিক নয় বলে তদন্তে দেখা গেছে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে যে ডিজেল আমদানি করা হয়, সেই সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









