বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম।
তিনি বলেন, ‘‘কে কী পেলাম, কী পেলাম না—সেই হিসাব পরে। জনগণকে যে কথা দিয়েছি, সেটি আগে রাখতে হবে। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী রাখতে হবে।’’
বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে আন্দোলনের ইতিহাস শেখানোর আগে সমালোচকদের নিজেদের রাজনৈতিক অতীতের দিকে তাকানোর আহ্বান জানান আবদুস সালাম। তিনি বলেন, গত ১৭ বছর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে বিএনপির নেতা-কর্মীরা কাজ করেছেন। এ সময়ে অনেকে প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেক নেতা-কর্মী গুম হয়েছেন।
তিনি বলেন, ‘‘১৭টা বছর আমরা এই গণ-অভ্যুত্থানের জন্য অপেক্ষা করেছি। শুধু অপেক্ষা করিনি, এর প্রেক্ষাপট তৈরির জন্যও কাজ করেছি। এখনো ইলিয়াস আলী ও চৌধুরী আলমের কোনো খবর আমরা পাইনি। যারা আজ বিএনপিকে আন্দোলন শেখাতে চান, তাদের নিজেদের পায়ের তলার মাটির দিকে তাকানো দরকার।’’
আবদুস সালাম বলেন, গণ-অভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না। ফ্যাসিবাদ উৎখাত এবং দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিল বিএনপি।
বর্তমান সরকারের বিরুদ্ধে দ্রুত আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিন-চার-পাঁচ মাসের মধ্যে আলাদিনের চেরাগ দিয়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তনের জন্য সময় প্রয়োজন।
বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কেউ যেন আবার ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ তৈরি না করে, সে বিষয়ে সতর্ক করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি বলেন, ‘‘একসঙ্গে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ফ্যাসিবাদকে বিদায় করেছি। এখন ফ্যাসিবাদের প্রেতাত্মারা যাতে আবার ফিরে না আসে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই সবাইকে একসঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করতে হবে এবং ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে, সে জন্য ঐক্য ধরে রাখতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, পাবনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা-১৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খানসহ অনেকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









