বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বৃদ্ধা মা সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা–১০ আসনের ভোটকেন্দ্র সিটি কলেজে ভোট দিয়েছেন। জুবাইদা রহমান নিজেই বৃদ্ধা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জুবাইদা। এরপর মায়ের ভোট নিশ্চিত করতে ধানমন্ডিতে তাঁর বাসায় যান। সেখান থেকে মাকে নিয়ে সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান।
কেন্দ্রে পৌঁছানোর পর গাড়ি থেকে নামিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুকে হুইলচেয়ারে করে ভোটকক্ষে নেওয়া হয়। এ সময় জুবাইদা নিচতলায় গাড়িতে বসে অপেক্ষা করেন। নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও অনেক ভোটার দূরত্ব বজায় রেখে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
দুপুর ২টা ১০ মিনিটের দিকে ভোট শেষে নিচে নামলে মাকে গাড়িতে তুলে দেন জুবাইদা। পরে আলাদা একটি গাড়িতে করে কেন্দ্র ত্যাগ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









