গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া উচিত। গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফল বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে লংমার্চ কিংবা বিভিন্ন কর্মসূচি দিতে পারেন। তবে এর পাশাপাশি সংকট সমাধানে বিকল্প প্রস্তাবও দিতে হবে। কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, কোথা থেকে এবং কীভাবে জ্বালানি সংগ্রহ করা সম্ভব—সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী দলের কাছ থেকে কার্যকর ও সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করে। সংসদে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে দেশের সংকটময় সময়ে গঠনমূলক পরামর্শ দেওয়াটাও রাজনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা কোনোভাবেই সমীচীন হবে না। সংকট কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব, সে বিষয়ে পথ দেখাতে হবে। অতীতে নেওয়া ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে। এ পরিস্থিতি সরকারের একক কোনো কারণে তৈরি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, গান ও নৃত্যের মতো পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









