ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোট। একই সঙ্গে এ নির্বাচনের পরিবেশ ও ফলাফলের ওপর নির্ভর করছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোটের অংশগ্রহণের সিদ্ধান্ত।
বুধবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, বর্তমানে ১১টি দল যৌথভাবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে জোটের একটি প্রতিনিধি দল নির্বাচনী এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানায়।
তবে এসব অভিযোগের বিষয়ে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। তার অভিযোগ, কমিশন কিছু বিষয়ে পদক্ষেপ নিলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশেষ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাকে পদ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল জোট। কিন্তু কমিশন তাকে সরিয়ে না দিয়ে শুধু নির্বাচনসংক্রান্ত দায়িত্ব থেকে বিরত রেখেছে বলে জানান তিনি।
কমিশনের এ পদক্ষেপকে ‘আইওয়াশ’ উল্লেখ করে জামায়াতের এই নেতা প্রশ্ন তোলেন, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিভাগীয় ব্যবস্থা না নিয়ে শুধু নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখলে সমস্যার সমাধান হয় কি না। তার ভাষ্য, জোটের দাবি ছিল ওই ইউএনওকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, আগামীকালের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো যে কেবল লোকদেখানো ছিল, তা প্রমাণিত হবে। এ নির্বাচনের পরিবেশ ও নিরপেক্ষতা বিবেচনা করেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১১-দলীয় জোট।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর ফলে সৃষ্ট পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। একই সঙ্গে দাবি আদায়ে সারাদেশে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









