জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোর সংস্কার না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সারা দেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসসহ গণপরিবহনে আগুন দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এসব ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
তিনি জানান, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণপরিবহনের পাশাপাশি সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনাও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ না থাকাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন জামায়াতের এই নেতা। পাশাপাশি ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক কালাচাঁন শেখের (৩৪) মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নৃশংস ঘটনার স্মৃতি মনে করিয়ে দেয়।
গোলাম পরওয়ারের দাবি, জুলাই বিপ্লবের পরও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে উদ্যোগের অভাবেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এমন সহিংসতা চালানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বিএনপি সরকার এসব ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু সরকার তাতে গুরুত্ব দিচ্ছে না। বরং দেশের অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের অপকৌশল সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। অন্যথায় এসব ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য নতুন সংকট তৈরি করতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









