স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িত প্রকৌশলীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না। অতীতে বারবার অপশক্তির মুখোমুখি হয়েও বাংলাদেশ লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকারের মধ্যে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যা জাতির জন্য উদ্বেগজনক। পরিকল্পিতভাবে দেশকে মাদকে সয়লাব করা হচ্ছে। চর দখলের মতো করে শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে। নেতাদের তোষামোদকারীদের কমিটিতে স্থান দেওয়া হচ্ছে এবং দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে মেধাহীন শিক্ষকদের সামনে আনা হচ্ছে।
তিনি আরও বলেন, কার কী চরিত্র, তা জনগণই বিবেচনা করবে। অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং এসব চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









