১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ড ও বিচারাধীন মামলার প্রসঙ্গ তুলে তার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচি অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ প্রতিবাদ।
শেখ মুজিবুর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনিও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র ও শ্রমিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি দাবি করেন, দলটির অনেক নেতা বিদেশে ফ্ল্যাট কিনে বিলাসী জীবনযাপন করছেন। কেউ কলকাতা, কেউ থাইল্যান্ডের ব্যাংকক, আবার কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশের তৃণমূল পর্যায়ের কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।
বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের মধ্যেও তারা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। রবিউল ইসলাম নয়নও শারীরিক নির্যাতনসহ নানা অত্যাচারের শিকার হয়েছেন, তবু তাদের দমিয়ে রাখা যায়নি।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তিকে মাথা নত করানো সম্ভব নয়। ফ্যাসিবাদের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









