আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিএনপির কার্যক্রম। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এরই মধ্যে ঢেলে সাজানো হচ্ছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তরের কমিটি নিয়ে আলোচনায় এসেছে বেশ কয়েকজনের নাম। এসব নাম যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।
সূত্র বলছে, মহানগর উত্তরের কমিটিতে বেছে নেওয়া হচ্ছে অপেক্ষাকৃত তরুণ ও গ্রহণযোগ্য নেতাদের। এছাড়াও ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দীর্ঘদিন ধরে রাজপথে যারা বিভিন্ন মিছিল, মিটিং এমনকি রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন তাদের অনেককেই এবার কমিটিতে রাখা হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একটি সূত্র জানান, সাংগঠনিক কাঠামো আরও গতিশীল ও কার্যকর করতে কমিটিতে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা এসেছে। এর অংশ হিসেবে উত্তরের কমিটিকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় কাউন্সিলের আগেই এই কমিটি ঘোষণা করা হতে পারে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজস্ব চ্যানেলের মাধ্যমে সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
তথ্য বলছে, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদে আলোচনায় রয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। তৃণমূলের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। সেদিক থেকে তিনি দৌঁড়ে অনেকটা এগিয়ে আছেন। এছাড়াও সভাপতি পদে আলোচনায় আছেন আনারুজ্জামান আনোয়ার। তিনি কাউন্সিলর আনারুজ্জামান নামে পরিচিত। আলোচনায় আছেন মামুন হাসান এবং শফিকুল ইসলাম মিল্টন।
পাশাপাশি সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন, মহানগর উত্তরের বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়াও সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি ‘রাজপথে সক্রিয়’ থাকার অভিজ্ঞতায় এগিয়ে আছেন। দলের বিভিন্ন কর্মসূচি কিংবা কার্যক্রমে রাজপথে থেকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে এম কফিল উদ্দিন আহমেদকে। দলের প্রতি তার ত্যাগ, তিতিক্ষা কিংবা ‘তৃণমূল’ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তারা জানান, দলের কার্যক্রমে বছরের পর বছর রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সম্মুখ সারিতে থেকে অবদান রেখেছেন। এছাড়াও বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীদের পরিবার কিংবা তাদের পাশে থেকেছেন তিনি। তিনি কমিটিতে আসলে নেতাকর্মীদের ভালোমন্দ বুঝবেন।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির মেয়াদ সাধারণত দুই বছর। তবে দলীয় হাইকমান্ড বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন বা আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে পারে। ২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্যসচিব করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









