বাঙালির শেকড়, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের সঙ্গে নতুনভাবে যুক্ত করার প্রত্যয়ে লন্ডনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘আঠারো আনা বাঙালিয়ানা’ —দ্য গ্লোবাল বাঙালিয়ানা কমিউনিটি।
সম্প্রতি ‘মুকুর অ্যাডভারটাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া’র উদ্যোগে লন্ডনের রোমফোর্ডের আয়রা রেস্তোরাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে নতুন সদস্যদের স্বাগত ও বরণ করে নেওয়া হয়। পরে ‘আঠারো আনা বাঙালিয়ানা’র দর্শন, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে বক্তব্য দেন প্রথিতযশা অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও কাব্যিক পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট কবি শামীম আজাদ, মাইক র্যাগেট ও কাবেরী মুখার্জী। জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার তার সুমধুর গানে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন নাঈমা পারভীন, অরিত্র দাস, লাবনী রহমান, বনানী সরকার, ফারজানা টুম্পা ও রোদেলা দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজনের শেষ পর্বে অতিথিদের জন্য ছিল ঘরোয়া স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি নৈশভোজ। খাবারের বৈচিত্র্য ও পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির চিরচেনা আতিথেয়তা ও ‘বাঙালিয়ানা’র আবহ।
সংগঠনটির কোর কমিটিতে রয়েছেন রাশেদা বকুল, ফারাহ জেহির, শেখ সেলিম, নাঈমা পারভীন, বনানী সরকার, জামাল আহমদ, লাবণী রহমান, মনিজা বেগম, মনজুর হক, রাশিদা করিম, রিয়াজ আলম, রেশমা সুলতানা কেয়া , ফাতেমা রিমি, সুমাইয়া হাসি ও সালেহ খান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা, বাংলা ভাষা, সাহিত্য, শিল্প ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পারস্পরিক সহযোগিতার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করাই ‘আঠারো আনা বাঙালিয়ানা’র অন্যতম লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









