বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যাকাত ধনী-দরিদ্রের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন: রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

যাকাত ধনী-দরিদ্রের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন: রাজশাহী বিভাগীয় কমিশনার

সরকারি যাকাত তহবিলে যাকাতের অর্থ সংগ্রহে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ বিষয়ে রাজশাহীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, যাকাত ধনী ও দরিদ্রের মধ্যে সৌহার্দ্য, সমবেদনা ও সামাজিক ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সামর্থ্যবানদের যাকাত দেওয়া উচিত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘২০২৬–২৭ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্ত সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ বিষয়ে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার সেমিনারে বলেন, যাকাত ধনীদের সম্পদ পবিত্র করার পাশাপাশি তাদের হৃদয়ে সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রদের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সমাজে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত। তিনি সমাজের বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সেমিনার শেষে সরকারি যাকাত ফান্ড থেকে নির্বাচিত ২০০ জন দরিদ্র মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.