রাজশাহীতে এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর এ হামলার ঘটনা ঘটে।
রবিবার (৮ মার্চ) দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর নূর ইসলাম মিলন ও সুরুজ আলীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার রাতে শিরোইল কাঁচাবাজারে একদল সন্ত্রাসী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরও বলেন, ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা অভিযোগ করে বলেন, হামলার সঙ্গে জড়িত নূর ইসলাম মিলন ও সুরুজ আলীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা কাজী শাহেদ, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দৈনিক খোলাকাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন, বরেন্দ্র প্রেসক্লাবের সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন সাগরসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









