বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা শাখার সভাপতি মাওলানা রোকনুজ্জামান ডাকুয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা থানার সামনে সমাবেশ করে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার। তার সঙ্গে জড়িত অন্যান্য হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ৯ মার্চ চাল চুরির অভিযোগকে কেন্দ্র করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









