রজনীকান্তের ভক্ত সঞ্জু স্যামসন। প্রবীণ অভিনেতার নতুন সিনেমা ‘জেলার ২’ দেখতে এই উইকেটরক্ষক-ব্যাটার একটি কাণ্ড করেছেন। সিনেমা হলের একটি শোয়ের সব টিকিট একাই কিনে নিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার।
রজনীকান্তকে নিয়ে সঞ্জুর আবেগের কথা অজানা নয় ক্রিকেট মহলের। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে স্ত্রী এবং বন্ধুদের নিয়ে ‘জেলার ২’ দেখার পরিকল্পনা করেছেন উইকেটরক্ষক। ব্যস্ততার জন্য প্রথম দিন সিনেমাটি দেখতে পারেননি। তবে হলে গিয়ে বড় পর্দায় রজনীকান্তের অভিনয় উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে নারাজ তিনি।
হলের সব টিকিট কিনে নিয়ে সঞ্জু বলেছেন, ‘‘আমি রজনীকান্ত স্যারের সিনেমা দেখতে খুব ভালবাসি। তার প্রতিটি সিনেমার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি। তার প্রতিটি সিনেমা দেখার চেষ্টা করি।’’
তিনি বলেন, ‘‘এবার একটু দেরি হয়ে গেল। দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য প্রথমদিন দেখা হয়নি। আমি ভাগ্যবান। হলের সব টিকিট কিনতে পেরেছি। সঙ্গে আমার স্ত্রী রয়েছেন। জাতীয় দলের সতীর্থেরা রয়েছে। সিনেমা দেখার জন্য বন্ধুদেরও ডেকেছি। সকলে মিলে রজনীকান্ত স্যারের সিনেমা উপভোগ করব। বড় পর্দায় তাকে দেখব ভেবেই দারুণ উত্তেজিত লাগছে।’’
ভারতীয় দলের যে সাপোর্ট স্টাফেরা তামিল বুঝতে পারেন, তাদেরও ‘জেলার ২’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন সঞ্জু। রজনীকান্তকে নিয়ে নিজের ভালোবাসা বা ভালোলাগার কথা আগেও বলেছেন সঞ্জু। সুযোগ পেলে তার সঙ্গে দেখাও করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









