বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় নির্বাচন মানেই একাধারে উৎকণ্ঠা এবং উৎসবের আবহ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি জনগণের মাঝে এক অভূতপূর্ব স্বস্তি ও আস্থার সঞ্চার করেছে। অথচ একসময় এই সেনাবাহিনী ছিল সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। এবারের জাতীয় নির্বাচনে সেই আতঙ্ক কাটিয়ে নিজেদেরকে জনগণের বন্ধু হিসেবে প্রমাণ করেছেন বাহিনীর প্রতিটি সদস্য।
অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক বেশি প্রো-অ্যাক্টিভ এবং জনবান্ধব। কেবল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং মাঠপর্যায়ে তাদের কৌশলগত টহল এবং নিরপেক্ষ অবস্থান সাধারণ ভোটারদের মনে সাহস জুগিয়েছে, দূর করেছে সব বাধা ও ভীতি। বিশেষ করে সহিংসতা-প্রবণ এলাকাগুলোতে সেনাবাহিনীর কঠোর নজরদারি পেশিশক্তির প্রভাব নস্যাৎ করে দিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানের মতে, রাষ্ট্রের এই চরম সংকটক্ষণে সেনাবাহিনীর শৃঙ্খলিত ও সাহসী অবস্থান কেবল আইন-শৃঙ্খলাই রক্ষা করেনি, বরং অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে পরিণত করেছে নিরাপদ এক গণতান্ত্রিক মহোৎসবে। অধ্যাপক ছিদ্দিকুর রহমান এর সাথে যুক্ত করে বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান ও নির্বাচনে সেনাবাহিনী জনস্বার্থ রক্ষায় ও গণতন্ত্র উত্তরণে আপসহীন ও ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সঠিক দায়িত্বে-সঠিক বিন্যাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনায় সেনাবাহিনীর মোতায়েন ছিল একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। দুর্গম পাহাড়ের বিশেষায়িত ইউনিট ও হেলিকপ্টার সাপোর্ট থেকে শুরু করে চরাঞ্চলে স্পিডবোট টহল ভৌগোলিক বৈচিত্র্য অনুযায়ী এই কৌশলগত বিন্যাস প্রান্তিক জনপদেও নিরাপত্তার চাদর বিস্তৃত করেছে। বেসামরিক প্রশাসনের অগম্য স্থানে সেনাসদস্যদের উপস্থিতি সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে ভোটাধিকার নিশ্চিত করেছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মতে, বাহিনীর এই পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বড় ধরনের নাশকতা এড়িয়ে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে। এই সমন্বয় মূলত রাষ্ট্রের শৃঙ্খলা ও সাহসিকতার এক শক্তিশালী বার্তা হিসেবে প্রমাণিত হয়েছে।
অপরাধ বিশ্লেষকরা সাধারণত এই ধরনের অপারেশনকে লজিস্টিক মাস্টারি হিসেবে দেখেন। তাদের অভিমত, দুর্গম এলাকায় যেখানে সিভিল প্রশাসনের সীমাবদ্ধতা ছিল, সেখানে সেনাদের সক্রিয়তা ভোটারদের মধ্যে মনস্তাত্ত্বিক স্বস্তি তৈরি করেছে, যা ভোট প্রদানের হার বাড়াতে সহায়ক হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, কমিশনের নির্দেশনায় দুর্গম অঞ্চলে হেলিকপ্টার এবং বিশেষ জলযানের ব্যবহার প্রমাণ করে যে, সঠিক লজিস্টিক ব্যাকআপ থাকলে বাংলাদেশে যেকোনো কঠিন ভূখণ্ডেও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সেনাবাহিনীর কিউআরটি (QRT) এবং কৌশলগত মোতায়েন কেবল কোনো শারীরিক উপস্থিতি ছিল না, বরং এটি ছিল জনমনে আস্থা অর্জনের একটি প্রয়াস। তাদের দ্রুত সাড়াদানের সক্ষমতা ও নিরপেক্ষ অবস্থান ভোটারদের মাঝে ভীতিহীন পরিবেশ তৈরি করেছে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত। এই অনন্য পেশাদারিত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে পুনরায় সুদৃঢ় করেছে।
সেনাপ্রধানের ভূমিকায় জন-আস্থা
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ইস্পাতকঠিন সংকল্পে মাঠপর্যায়ে সেনাবাহিনীর নিরপেক্ষ ও জনার্থবহ ভূমিকা ছিল অনন্য। রাজনৈতিক প্রভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে তাঁরা আমজনতার ভোটাধিকার রক্ষায় অবিচল ছিলেন।
নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরীর মতে, সেনাপতির দূরদর্শী নির্দেশনায় বাহিনীর সদস্যরা যে অসামান্য পেশাদারিত্ব প্রদর্শন করেছেন, তা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে সামরিক বাহিনীর ওপর গণমানুষের হারানো বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করেছে। বিশেষত, সেনাসদস্যদের এই সুশৃঙ্খল তৎপরতা প্রান্তিক ও সংখ্যালঘু জনপদে ভোটারদের দীর্ঘকালীন শঙ্কা ও ভীতি দূর করতে কার্যকর ভূমিকা রেখেছে।
আস্থার প্রতীকে অতন্দ্র প্রহরী
এবারের সংসদ নির্বাচনে সেনাসদস্যদের মোতায়েন সাধারণ ভোটারদের মধ্যে এক গভীর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইউনিফর্মধারী সুশৃঙ্খল এই বাহিনীর উপস্থিতি নারী ও বয়স্ক নাগরিকদের মন থেকে সহিংসতা কিংবা কেন্দ্র দখলের চিরাচরিত ভীতি দূর করতে সক্ষম হয়েছে। রাজপথে ও ভোটকেন্দ্রের আশেপাশে তাদের দৃশ্যমান অবস্থান সাধারণ মানুষের অবচেতন মনে এই বার্তাই পৌঁছে দিয়েছে যে রাষ্ট্র তাদের ভোটাধিকার রক্ষায় সদা সজাগ।
এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, সেনা মোতায়েন কেবল বাহ্যিক নিরাপত্তাই নিশ্চিত করেনি, বরং তা সাধারণ ভোটারদের জন্য একটি মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করেছে। তাঁর মতে, এই অভয়বাণী ও আস্থাই মানুষকে ঘর থেকে বেরিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসতে সাহসী করে তুলেছে, যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত।
রাঙামাটির কলেজ গেটের রণজিৎ চাকমা শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়েছেন। প্রতিটি মোড়ে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানে কেউ বাধা দিতে পারেনি। ব্যবসায়ী ফরিদ শেখ জানান, এবার জবরদস্তি বা কারচুপির সুযোগ ছিল না। সেনাবাহিনীর হস্তক্ষেপে অর্জিত স্থিতিশীলতায় দারুণ স্বস্তিতে ভোট দিয়েছে সাধারণ মানুষ ।
সততার আলোয় পেশাদারিত্বের জয়
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রতি পক্ষপাত না দেখিয়ে রাষ্ট্রীয় সেবক হিসেবে নিজেদের সুদৃঢ় অবস্থান প্রমাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং কমনওয়েলথসহ বিশ্বখ্যাত পর্যবেক্ষণ সংস্থাগুলো বাহিনীর এমন কঠোর নিরপেক্ষতার ভূয়সী প্রশংসা করেছে।
যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা স্থানীয় চাপ উপেক্ষা করে তারা কেবল আইনের শাসন সমুন্নত রাখতে সচেষ্ট ছিল। এই দৃঢ়তা বৈশ্বিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বিশিষ্ট প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান এই প্রসঙ্গে অভিমত দেন যে, সেনাবাহিনী এই নির্বাচনে তাদের প্রাতিষ্ঠানিক পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করেছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদের মতে, সেনাবাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা এবারের নির্বাচনকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করেছে। পর্যবেক্ষকদের ইতিবাচক মূল্যায়নে বাংলাদেশের গণতান্ত্রিক সদিচ্ছা ও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই বৈধতা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আধুনিক প্রযুক্তিতে গতির বিপ্লব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম চরাঞ্চল ও পাহাড়ি জনপদে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক তৎপরতা ছিল অভাবনীয়। হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করে ব্যালট পেপারের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে তারা প্রশাসনিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে ফলাফল ঘোষণা কেন্দ্রে তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় যেকোনো ধরনের জালিয়াতির প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে।
নির্বাচন বিশ্লেষক ড. মোহাম্মদ আব্দুল আলীম-এর পর্যবেক্ষণ সেনাবাহিনীর এই কারিগরি ও কৌশলগত সহায়তা কেবল শৃঙ্খলার প্রতীক নয়, বরং নির্বাচনের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। পরিবহণ থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত তাদের কঠোর নজরদারি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা আনয়ন করেছে, যা ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন প্রায় অসম্ভব ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মোতায়েনকৃত প্রায় ”এক লক্ষ সেনাসদস্য ৫৪৪টি অস্থায়ী ক্যাম্পের” মাধ্যমে একটি অভেদ্য নিরাপত্তা কাঠামো গড়ে তোলেন। এটিই মূলত অবাধ ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের ভিত্তি হিসেবে কাজ করেছে। চট্টগ্রামের বাঁশখালী কিংবা ফেনীর মতো সংবেদনশীল এলাকায় উত্তেজনার সংবাদ পাওয়ামাত্রই সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাধারণ ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনে।
নির্বাচন কমিশনের মূল্যায়ন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর লজিস্টিক ও অপারেশনাল সমর্থন এই নির্বাচনের সফলতার মূল চাবিকাঠি। তাদের এই পেশাদারিত্ব কেবল একটি ভোট উৎসবকে সফল করেনি, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে করেছে আরও পরিপক্ক ও সুসংহত। গণতন্ত্রের অগ্রযাত্রায় সেনাবাহিনীর এই গৌরবদীপ্ত অবদান জাতীয় ইতিহাসে এক অনন্য কালজয়ী মাইলফলক হয়ে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









