হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ। ফাইনালের মহারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে গ্যালারি কাঁপিয়ে গলা ফাটিয়েছেন আর্সেনালের সমর্থকরা। গানার্সদের সেই উল্লাস আর গ্যালারির লাল ঢেউকে মুহূর্তেই নিস্তব্ধ করে দেন পিএসজির উসমান দেম্বেলে। তার দুর্দান্ত গোলের পর মাঠ ও গ্যালারিতে সমানতালে চলেছে দুই দলের লাল-নীল ঢেউ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
গত মৌসুমে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এবার ফরাসি চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনটা মোটেও সহজ ছিল না। ফাইনালে অদম্য আর্সেনালের জমাট রক্ষণভাগে চিড় ধরাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তাদের। তবে সব বাধা পেরিয়ে, নাটুকে ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পরল পিএসজি।
ম্যাচের শুরু থেকেই পিএসজিকে চেপে ধরে গানার্সরা। প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে ফরাসি জায়ান্টরা। তবে বিরতির পর খোলস ছেড়ে বের হয় পিএসজি। দ্বিতীয়র্ধের দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। নির্ধারিত ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত সময়েও ২-২ স্কোরলাইনে সমতা থাকায় ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারক টাইব্রেকারে।
আর্ক দে ট্রিওম্ফের কাছে শখানেক ভক্ত আতশবাজি জ্বালিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে। শ্যাম্প-এলিসিসে ২০ হাজারের মতো মানুষ জড়ো হলে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে কাজ করে।
প্যারিস পুলিশ জানিয়েছে, কয়েকটি ছোট গ্রুপ বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করেছে। কেউ কেউ দোকান ভাঙচুর করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অষ্টম অ্যারনডিসেমেন্টের একটি স্থানে পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে একটি দল, তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
রাত ১০টা পর্যন্ত ৪৫ জনকে আট করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্যারিসকে ঘিরে থাকা মূল রিং রোড একদল লোক অবরোধ করে রেখেছিল, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ বলেছে, একটি বেকারি ও রেস্তোঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, প্রায় হাজারখানেক মানুষ পিএসজি স্টেডিয়ামের কাছে একত্রিত হয়। তাদের তৈরি সাইকেলের ব্যারিকেড ভেঙে দেয় পুলিশ।
গত বছর মে মাসে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে র পর ফ্রান্সজুড়ে পুলিশ ৫০০-এর বেশি মানুষকে আট করে। প্যারিস উচ্চ সতর্কতায় ছিল, শহরজুড়ে ৮ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









