রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ ও নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আবারও চিরচেনা বাঁ-পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। তাঁর চোখধাঁধানো গোলেই আলজেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটিতে দুই দলের বিশ্বকাপ শুরুর ম্যাচটি প্রথমার্ধেই মেতে উঠেছিল দারুণ উত্তেজনা আর আক্রমণ-পাল্টা আক্রমণে।
ম্যাচের শুরুতেই অবশ্য আলবিসেলেস্তে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে বল জালে জড়িয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। এর কিছুক্ষণ পর আলজেরিয়ার একটি আক্রমণও একই কারণে গোলবঞ্চিত হয়। তবে ম্যাচের ডেডলক ভাঙতে আর্জেন্টিনাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি।
খেলার ১৬ মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে যান মেসি। বক্সের বাইরে, প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর দুর্দান্ত এক দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানের পুত্র লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়ায়। এই জাদুকরী গোলেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ১১৮তম গোলটি করলেন আর্জেন্টিনার এই সর্বোচ্চ গোলদাতা। একই সাথে বিশ্বকাপে এটি মেসির ১৪তম গোল। চলতি আসর শুরুর আগে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে ছিলেন মেসি ও কিলিয়ান এমবাপে। এর আগে ফ্রান্সের ম্যাচে জোড়া গোল করে এমবাপে তাঁর গোলসংখ্যা ১৪-তে নিয়ে যান। এবার আলজেরিয়ার বিপক্ষে লক্ষ্যভেদ করে সমান ১৪ গোল নিয়ে ফরাসি তারকার পাশেই বসলেন মহাতারকা লিওনেল মেসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









