কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আইওএমের কর্মীদের নিয়ে একটি গাড়ি কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয় গাড়িটি। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শাহপরীর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয় এবং চালক মো. ইসহাক মিন্টুকে (৪০) পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘নিহত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









