বয়স প্রায় ৩৯, কিন্তু মাঠে নামলেই যেন সময়কে থামিয়ে দেন লিওনেল মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন অধিনায়ক।
ক্যানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ৮০ মিনিটের মধ্যেই তিন গোল করে দলকে জয় এনে দেন মেসি। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার এর পাশে জায়গা করে নেন তিনি। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠে আসে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন—২০৩০ বিশ্বকাপেও কি দেখা যাবে তাকে? এ প্রসঙ্গে আর্জেন্টাইন গণমাধ্যমকে মেসি হাসতে হাসতেই জানিয়ে দেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’
ম্যাচের আগে থেকেই একাধিক রেকর্ডের মালিক মেসি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়েন তিনি। একই তালিকায় নাম লেখানোর পথে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে আবারও প্রমাণ করেছেন, বয়স তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। কিংবদন্তি জিনেদিন জিদানের-এর ছেলেকে একাধিকবার পরাস্ত করেন তিনি।
তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যেই বেশি মনোযোগী মেসি। ২০৩০ বিশ্বকাপ হলে তার বয়স হবে ৪২ বছর—সেই বাস্তবতা মাথায় রেখেই ভবিষ্যৎ নিয়ে বড় কোনো প্রত্যাশা করতে চান না তিনি।
বর্তমানে তার লক্ষ্য একটাই—আর্জেন্টিনাকে নিয়ে আরও একটি বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া এবং ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নেওয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









