রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করলো বাঘিনীরা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম

আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করলো বাঘিনীরা

থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল আসর নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এই জয়ের পর বিকেলে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসও মূল পর্ব নিশ্চিত করে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৬৫ রান। নারী টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে থাইল্যান্ডের ইনিংস থামে ১২৬ রানেই।

সুপার সিক্সের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। নিগারদের ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট। 

নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যোগ হয়েছে। সুপার সিক্সে সুযোগ পাওয়া যে দলগুলো গ্রুপেও প্রতিপক্ষ ছিল, তারা এই রাউন্ডে একে অন্যের বিপক্ষে খেলবে না। যে কারণে সুপার সিক্সে একটা দল ম্যাচ খেলবে ৩টি, হিসাব হবে মোট ৫ ম্যাচের পয়েন্ট।

সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে এ বছর জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই প্রথম বলেই শূন্য রানে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। দ্রুত ফেরেন শারমিনও। তবে এরপরই হাল ধরেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। এই দুজনের ৮২ বলে ১১০ রানের জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

জুয়াইরিয়া ৪৫ বলে ৪ ছক্কায় করেছেন ৫৬ রান। নারী টি–টুয়েন্টিতে এক ইনিংসে এটি কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড। অন্য প্রান্তে সোবহানা ছিলেন আরও মারমুখী, ৪২ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি।

অন্যদিকে, মারুফা আক্তার ইনিংসের প্রথম বলেই থাই ওপেনারকে সাজঘরে পাঠান। এরপর থাইল্যান্ড আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি।

১০ ওভার শেষে ১ উইকেটে ৬১ রান তুললেও জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট কখনোই তাদের নাগালে ছিল না। শেষ ৫ ওভারে দরকার ছিল ৭৫ রান, যা অসম্ভবই ছিল তাদের জন্য। শেষ পর্যন্ত ১২৬ রানেই থামে থাইদের ইনিংস। মারুফা ২৫ রানে ৩টি এবং রিতু ও স্বর্ণা নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)।

থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)।

ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।

ম্যাচসেরা: সোবহানা মোস্তারি 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.