সাফ ফুটসালের অভিষেক আসরে বাংলাদেশ নারী চ্যাম্পিয়ন দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরবেন। তাদের জন্য বাফুফে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'চ্যাম্পিয়ন দলের জন্য ছাদখোলা বাস থাকছে। সেই বাসে তারা বিমানবন্দর থেকে সড়কে যাবে। বাসের ছাদে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীদের অভ্যর্থনা গ্রহণ করবে।’
ম্যাচ জয়ের জন্য বোনাস ও ব্যাংককে ফুটবলারদের ঘোরাঘুরির ব্যবস্থা করেছেন ম্যানেজার ইমরান।
২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়। তখন ফুটবলার সানজিদা আক্তারের স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাদ খোলা বাসের ব্যবস্থা হয়েছিল। ২০২৪ সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনারা ছাদ খোলা বাসে এসেছিলেন। এবার ফুটসাল চ্যাম্পিয়নের পরও একই সম্মাননা পাচ্ছেন তারা।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ছাদ খোলা বাস হাতিরঝিলের এম্পিথিয়েটারে পৌঁছাবে। রাতে সেখানে তাদের সম্মাননা জানানো হবে। বৃহস্পতিবার রাতে বাফুফের ব্যবস্থাপনায় হোটেলে থাকবেন তারা। পরের দিন যার যার গন্তব্যে যাবেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









